হঠাৎ সেনাপ্রধানের জরুরি বার্তা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে মঙ্গলবার নতুন সরকার শপথ নিতে পারে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনী স্বাভাবিক নিয়মে ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আয়োজিত ‘সিএএস দরবার’-এ সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দেশে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
সেনাপ্রধান বলেন, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সেনাবাহিনী দায়িত্ব পালন করে আসছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ পুলিশ গ্রহণ না করা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে।
বক্তব্যের একপর্যায়ে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন।” তিনি সেনাসদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশংসা করে সেনাপ্রধান বলেন, কঠিন ও সংবেদনশীল সময়ে সেনাবাহিনী যে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে, তা দেশের মানুষের আস্থা আরও দৃঢ় করেছে।

Comments
Post a Comment