বিএনপির মন্ত্রিসভায় থাকতে পারেন যারা



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন ব্যস্ত নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতিতে। দলটির নেতৃত্বাধীন সরকারে কারা মন্ত্রী হচ্ছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে।


শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি পত্রিকার খবরের বরাত দিয়ে বলা হয়েছে নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি থাকছেন একাধিক নতুন মুখ ও টেকনোক্র্যাট।



প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে বড় জয় পাওয়ার পর বিএনপি মন্ত্রিসভার আকার প্রায় চূড়ান্ত করেছে। সেখানে সংসদ সদস্যদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায়ও কয়েকজন যুক্ত হতে পারেন। অভিজ্ঞতা ও নবীনতার সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গড়তে চায় দলটি।



আলোচনায় রয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির পদে বিবেচনা করা হচ্ছে। স্পিকার হিসেবে ভাবা হচ্ছে ড. আব্দুল মঈন খানকে। যোগাযোগ মন্ত্রণালয়ে মির্জা আব্বাস, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সালাহউদ্দিন আহমদ, বাণিজ্য মন্ত্রণালয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শিক্ষা মন্ত্রণালয়ে আ ন ম এহসানুল হক মিলনের নাম আলোচনায় রয়েছে।


এ ছাড়া গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু কে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয়টি ভাবা হচ্ছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এর নামও আলোচনায় আছে।


নতুন মুখ হিসেবে টেকনোক্র্যাট কোটায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইসমাইল জবিউল্লাহ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নাম ঘুরছে রাজনৈতিক অঙ্গনে।


এ ছাড়া চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন ও আইনজীবী ফজলুর রহমানের নামও আলোচনায় আছে। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নুর, ড. রেজা কিবরিয়া ও মোস্তফা জামাল হায়দার।


নির্বাচন কমিশনের বেসরকারি হিসাবে এখন পর্যন্ত ২৯৭টি আসনের চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। এর মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টি আসনে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা ঘোষণা হতে পারে।


দুই দশক পর সরকার গঠনের পথে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনুপস্থিত থাকায় দলীয় নেতৃত্বের মূল ভার পড়েছে তাঁর ছেলে তারেক রহমান এর কাঁধে। দলীয় প্রধান হিসেবে তিনিই হতে যাচ্ছেন নতুন সরকারের প্রধানমন্ত্রী এমনটাই রাজনৈতিক মহলের আলোচনা।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা